গরিবের প্রকল্পের টাকা লুট করে পরিবারের নামে আবাসের টাকা নিয়ে অট্টালিকা বানিয়েছেন বলে অভিযোগ কাঁথির কাউন্সিলরের।

কাঁথির তৃণমূল কংগ্রেস বর্তমান ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলারের কোটি টাকার রাজপ্রাসাদ। অথচ সেই কাউন্সিলার, তাঁর স্ত্রী এবং ভাই প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান) প্রকল্পে মাথাপিছু সাড়ে তিন লক্ষ টাকা পেয়েছেন। নিয়ম অমান্য করে একই পরিবারের তিনজন টাকা পেয়েছেন বলে অভিযোগ। বাড়ি বানানোর সময় এই প্রকল্পের ‘মডেল’ মানা হয়নি। এনিয়ে অভিযোগ জমা পড়েছিল কাঁথি পুরসভায়। তার ভিত্তিতে তদন্ত শুরু হতেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে। দেখা যায়, একই পরিবারের তিন সদস্যের নামে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা আসার পর রীতিমতো রাজপ্রাসাদ বানানো হয়েছে। এনিয়ে বিতর্ক শুরু হতেই মঙ্গলবার সস্ত্রীক তৃণমূল কাউন্সিলার সন্দীপ জানা সুদ সহ প্রকল্পের টাকা ফেরত দেওয়ার আবেদন করেছেন। ওই ঘটনায় কাঁথি শহরজুড়ে হইচই পড়ে গিয়েছে। পুরসভা কর্তৃপক্ষ এনিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছে।

উল্লেখ্য, কাঁথি পুরসভার অধুনা ২০নম্বর ওয়ার্ডের ২০১৮-‘১৯ আর্থিক বছরে সন্দীপ, তাঁর স্ত্রী মণি জানা এবং ভাই সঞ্জীব জানা এই প্রকল্পে মাথাপিছু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পান। শহরের জালালখাঁবাড় এলাকায় সন্দীপবাবুর বাড়ি। সরকারি প্রকল্পে ওই টাকা পাওয়ার পর তিনি নিজের পুরনো বাড়ির ভোল বদলে কার্যত রাজপ্রসাদ বানিয়ে ফেলেন। চোখ আটকে যাওয়ার মতো বাড়ি বানাতে বিপুল টাকা খরচ হয়েছে। সন্ধ্যার পর ওই বাড়ির ভিতর বাহারি আলোর রোশনাই ছড়িয়ে পড়ে। চোখজুড়ানো একাধিক ব্যালকনি। ওই বাড়ি দেখে পথচারীদের চোখ আটকে যায়।

ওই কাউন্সিলর বর্তমান কাঁথি লোকসভার মাননীয় সাংসদ সৌমেন্দু অধিকারীর স্নেহধন্য ছিলেন বলে অভিযোগ।
দুর্নীতির অভিযোগ আঙ্গুল উঠেছে কাঁথির পুরসভার দিকে। যদিও বর্তমান কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন এই ঘটনা তার আমলে নয়।
তৃণমূলের আমলে ১৮-১৯ আর্থিক বছরে চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। তারই আমলে এই ঘটনা ঘটেছে।

কাউন্সিলারের ওই বাড়ি নিয়ে কাঁথি পুরসভায় অভিযোগ আসে। তার ভিত্তিতে পুরসভার পক্ষ থেকে একটি কমিটি ওই বাড়ি ভিজিটে যায়। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম না মেনে রাজপ্রাসাদ বানিয়েছেন তৃণমূল নেতা। পরিবারের একাধিক সদস্যকে নিয়ম ভেঙে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। জলঘোলা শুরু হতেই বিপাকে পড়েন কাউন্সিলার। মঙ্গলবার সন্দীপবাবু এবং তাঁর স্ত্রী দু’জনেই পুরসভায় গিয়ে ওই প্রকল্পে পাওয়া টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন। ১৫দিনের মধ্যে পুরসভাকে এজন্য উদ্যোগী হওয়ার আর্জি জানিয়েছেন।

More From Author

কাঁথির ছেলে অর্কপ্রভ পন্ডার  প্রযোজনা ও পরিচালনায় মুক্তি পেতে চলেছে পূর্ণদৈর্ঘ্যেরছবি ‘ইকির মিকির চামচিকির’,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *